শিউলি সখী

শিউলি সখী
কবিতা ▸ দীনা মরিয়ম

শিউলি সখী

শিউলি সখী

পুরো টা সকাল কেটে গেলো শিউলি তলায়
ফুল কুড়িয়ে আর গুনগুনিয়ে
ফুল নয় তো যেন স্মৃতি কুড়োনো!
মনে পড়ে তুই আর আমি
কত ভোর কাটিয়ে দিয়েছি শিউলি কুড়িয়ে
ঝুড়ি ঝুড়ি শিউলি।
কখনো মালা কখনো দুল
কখনোবা খোঁপার ফুল ;
এমনি করে কত সকাল পেরিয়ে গেছে
স্কুলে যেতে দেরি –
ফলস্বরূপ মায়ের বকুনি
ওদিকে স্কুলের দিদিমণির কানমলা
কি সব দিন ছিল!
সেই শরিতের শেষে হুট করে তোর বিয়ে হয়ে গেল
আমারও বাবার বদলীর সুবাদে জুটলো এক অন্য শহর
এভাবেই হারিয়ে গেল তোর আমার ছেলেবেলা ;
হারিয়ে গেলাম তুই আর আমি।
এখনো শরৎ আসে
শিউলি হাসে
কাশফুলে জোয়ার জাগে
আমি কিন্তু বেশ উপভোগ করি এখনো
ঘটা করে কাশবনে হানা দিই
শিউলি কুড়িয়ে মালা গাঁথি
সেই মালা হাতে হাতেই নেতিয়ে পরে একসময়
ম্লান হয়ে যায় সতেজ সুশ্রী চেহারাটা কিন্তু
স্মৃতিগুলো ম্লান হয় না কখনো।
শরৎ আমায় মনে করিয়ে দেয় তোর আমার মিষ্টি ছেলেবেলা।
সেই ভোরের শিশির
সেই খিলখিল হাসি
সেই মিষ্টি শাসন –
এখন আর অমন মিষ্টি করে কেউ বকে না,
কান টা ধরে মলে দেয় না
এখন আমি স্বাধীন, অনেক স্বাধীন ;
বড্ড মন কেমন করে রে!
যেখানে আছিস, ভালো থাকিস।