অন্তহীন কুয়াশা

অকালবোধনে আমি
জেগে উঠি রোজ
গতজন্মের জাতিস্মরের বেশে,
হিসেবী আলেয়া প্রতিদিন খুঁজে ফেরে
আমাকেই শুধু আমাকেই ভালোবেসে।
নিঝুম রাতে কার দীর্ঘশ্বাসে দোলে
পুরোনো দিনের জমানো ধুলোবালি,
স্মৃতির ক্যানভাসে রঙতুলি হাতে নিয়ে
কাকে যেন আজও খুঁজে ফিরি খালী?
সময়ের স্রোতে কত মুখ ভেসে যায়,
শুধু থেকে যায় একলা ছায়ার মায়া;
অচেনা পথের বাঁকে দাঁড়িয়ে আজও
মেঘের গায়েতে খুঁজে মরি কার ছায়া।
যদি কোনোদিন প্রভাতের আলো এসে
ভেঙে দেয় এই কুয়াশার চাদর,
তখন কি তবে খুঁজে পাবে ঠিক ঠিক
আমার ঠিকানা তোমার মনের ভেতর?