অন্তর্জন্ম

আমি শরীর নই, মন ও মনন নই
আমি ছায়া
তুমি অন্তঃস্থ ছায়ার অনাদি শূন্যতা,
সেই শূন্যতার ছায়াতেই প্রতিদিন পুনর্জন্ম হয় আমার।
নও আলো, নও আঁধার
তুমি শূন্যের সেই মধ্যবিন্দু, যেখানে উভয়ই লুপ্ত হয়
অদৃশ্য নীরবতায়।
শূন্যতার ঘরে,
শূন্য বিভ্রমে চুমুক দিয়ে
অমরত্ব খুজে চলি শুধু শূন্যতায়,
ভ্রান্তির পর্দা মিলিয়ে গেলে
ভেসে ওঠে ফসিল দীর্ঘশ্বাস অনামা রেখায়
যেখানে আয়নাও কেবল প্রতিবিম্ব দেখায়।
মৃত মেঘেরা দোল খায় বেদুইন বাতাসে
আঁধারে কাঁদে সুগন্ধি ফুল
জন্মান্ধ সময়ের প্রান্তে দাঁড়িয়ে মন খুঁড়ে চলে
প্রগৈতিহাসিক কবিতা
দিন বদলের টানে
পরিবর্তনগুলো ও যেন শোকের পাতা।