Magazine Banner
চিঠি ▸ কান্তা আলম

পূজারী

কান্তা আলম

 

 

 

পূজারী,

প্রেম নিবেদন করো না। প্রেমে মানুষ প্রিয়কে নিজের করে নিতে চায়, সেখানেই জন্ম নেয় অধিকার। আর যেখানে অধিকার জন্ম নেয়, সেখানে আরাধ্য আর আরাধ্য থাকে না; সে হয়ে ওঠে ভোগের বস্তু। দেবত্বের অবসান সেখানেই।
তুমি বরং ভক্তি নিবেদন করো।

যে ভক্তি সহকারে আমাকে একটি পত্র, একটি পুষ্প, একটি ফল কিংবা সামান্য জলও নিবেদন করে, আমি সেই নিবেদন গ্রহণ করি।

তাই তোমার অশ্রু আমার কাছে নয়, তোমার অহংকারহীন প্রণামই আমার কাছে অর্ঘ্য।আমাকে স্পর্শ করতে এসো না। দূর থেকে প্রদীপ জ্বালো। আমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা রেখো না, বরং দূরত্বের মধ্যেই আমাকে খুঁজে নাও।

মনে রেখো, পূজারী
দেবতার সঙ্গে দূরত্ব যতক্ষণ থাকে, ততক্ষণই প্রণাম থাকে। আর প্রণাম যতক্ষণ থাকে, ততক্ষণই দেবত্ব অক্ষুণ্ণ থাকে।তোমার হৃদয়ে যদি আমার জন্য আকুলতা জন্মায়, তাকে প্রেমের নাম দিও না। তাকে সাধনা বলো। যদি আমার নৈঃশব্দ্যে কষ্ট পাও, তাকে প্রত্যাখ্যান ভেবো না। দেবতার নীরবতা কখনো শূন্যতা নয়, কখনো কখনো সেটিই সবচেয়ে কঠিন পরীক্ষা।

তুমি প্রতিদিন আসবে অর্ঘ্য রাখবে। প্রণাম করবে।তারপর ফিরে যাবে।

আমি তোমাকে ডাকব না। তোমার হাত ধরব না।
তোমার ভালোবাসার উত্তরও দেব না। কারণ তুমি যদি আমার কাছে উত্তর পাও, তবে তোমার সাধনা শেষ হয়ে যাবে।

এই আমার বিধান, পূজারী

তুমি আমাকে ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসার অধিকার তোমাকে দেওয়া হবে না।
তোমার আকাঙ্ক্ষা ধূপের ধোঁয়ার মতো ঊর্ধ্বে উঠবে,
তোমার অশ্রু মাটিতে পড়ে শুকিয়ে যাবে, আর তোমার হৃদয়ের সমস্ত প্রেম সারাজীবন ভক্তি নামেই উচ্চারিত হবে।
এটাই তোমার প্রসাদ।
এটাই তোমার দুঃখ।
এটাই তোমার অনন্ত আরাধনা।

এই হোক দেবীবচন।।