মানুষ কি আর একলা থাকে?
বাস্তবের ঘরে আলো নেভে,
তবু মনের ভেতরে এখনো তুমি আছো,
আমাদের সংসারটা বেঁচে আছে অদৃশ্য এক উঠোনে।
খাবার টেবিলে তোমার জন্য আজও চেয়ার রাখা থাকে,
ঘুমের ঘোরে আমি হাত বাড়ালে
অদৃশ্য উষ্ণতা এসে জড়িয়ে ধরে।
হয়তো কেউ দেখে না, বোঝেও না,
কিন্তু আমি জানি—
তুমি আছো, সংসারে আছো, সাধের এই জীবনে আছো।
কখনো সন্ধ্যার বাতাসে হঠাৎ ভেসে আসে তোমার শাড়ির গন্ধ,
আমি থমকে দাঁড়াই
ভাবি, তুমি কি সত্যিই কাছে?
নাকি শুধু আমার বুকের সংসারে গোপনে ঘুরে বেড়াও?
মানুষ কি আর একলা থাকে!
তুমি নাই বলেই বেঁচে আছো আরও গভীরে,
আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্বপ্নে।
আমাদের সংসার এখন কল্পনার,
কিন্তু তোমায় বিভোর সাধের সেই জীবনটুকুই আমার সবচেয়ে সত্য।
