জ্বর কেটে গেছে
তবু শরীরে তোমার অনুপস্থিতি পুড়ে।
অনুতাপই এখন আমার একমাত্র আলো,
দুপুর এসে জানলায় বসে ফিসফিসিয়ে বলে
ভালোবাসা মানেই শাস্তি।
তুমি চলে গেছ যেদিন,
আলোটা নিভে গিয়েছিল ভিতরে।
এখন প্রতিটি সকাল আমার চোখে
একটি মৃত প্রার্থনার মতো জন্ম নেয়।
তোমার চায়ের কাপ, তোমার চিরুনি, তোমার গন্ধ—
সবকিছু আজও বেঁচে আছে আমার বিপরীতে।
আমি চুপচাপ দেখি,
তুমি নেই তবু চারদিকে শুধু তোমার উপস্থিতি।
রাত হলে আমি বারান্দায় বসি,
বাতাসে তোমার নাম খুঁজি,
কিন্তু বাতাসও এখন শোকপালন করে
তার নিঃশব্দতাও তোমার মতো ঠান্ডা।
মানুষ ভাবে আমি বেঁচে আছি,
কিন্তু আমি শুধু তোমার নিঃশব্দতার দিনেই আটকে আছি;
আমার প্রতিটি নিশ্বাসে আজও
তোমার চলে যাওয়ার প্রতিধ্বনি বাজে।
ভালোবাসা, হ্যাঁ…
সে এক অভিশাপই বটে,
যা ফুরোয় না মৃত্যুতেও,
যা রক্তে মিশে যায় জ্বরের মতো
আর আমি প্রতিদিন নতুন করে পুড়ি,
তোমার অদৃশ্য স্পর্শের জ্বরে।
