বাস্তব এই রুক্ষ ধরায়, হারিয়ে যাওয়া জন,
মিলে না আর চোখের দেখা, হয় না আলাপন।
যে পথ দিয়ে গিয়েছ চলে, ফেরেনি কেউ আর,
শূণ্য ঘরে একলা আমি, স্মৃতিই অলঙ্কার।
প্রভু বোধহয় জানতেন মনে—তোমার ফেরার তৃষ্ণা,
বুকের ভেতর জ্বলছে কেমন বিচ্ছেদের এই তৃষ্ণা।
তাই তো তিনি পরম সুখে, ঘুমের মাঝে রোজ—
সৃষ্টি করেন ‘খ্বাব’ বা স্বপ্ন, নিতে তোমার খোঁজ।
স্বপ্ন সে তো এক সমান্তরাল মায়াবী এক দেশ,
যেখানে নেই কোনো বিচ্ছেদ, নেই কোনো অবশেষ।
সেখানে তুমি আগের মতোই, মায়াবী রূপ নিয়ে—
দাঁড়াও এসে সামনে আমার, সবটুকু প্রাণ দিয়ে।
যেখানে এই দুনিয়া থামে, শুরু সেখান থেকে,
আমার স্রষ্টা রেখেছেন তোমায় ‘স্বপ্ন’ নামে ঢেকে।
চোখ বুজলেই দেখা মেলে, ফুরোয় না আর কথা,
স্বপ্নেই জিয়ল থাকুক আমার—বিচ্ছেদ আর ব্যথা।
