শারদীয়া পঞ্চমী

১.
কবিতার আঙিনায় ফুটেছে
মাধবী, যুথী, টগর, মালতি।
পঙতিতে শিউলী ছড়ায় সৌরভ।
এবার পুজোর ছুটিতে তোমায়-
ছাতিম গাছ দেখাতে নিয়ে যাবো।
২.
জনশ্রুতি, রাজশাহীর তাহিরপুররাজন
রাজা কংসনারায়ণ সাড়ম্বরে প্রথম
আশ্বিন মাসের শুক্লপক্ষে করলেন
শারদীয়া দুর্গাপূজার সূচনা।
৩.
তুমি শুধু অবলা প্রেমিকা নও।
সহস্রভুজা মহিষাসুরমর্দিনীর রূপে,
নারী তুমি সব অন্যায় বিনাশ করো।
এ হোক তোমার প্রার্থনা নয়; প্রতিবাদ।
৪.
আমাকে যতোই নারীবাদী বলে ক্ষেপাও,
আমি সমস্তবাদী।
জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ জানি।
আমার মনের মুকুরে নাড়ি-নারী-নাঢ়ী।
৫
শারদ প্রভাতে বিচ্ছুরিত কিরণ,
ললাটে নব উদ্ভাসিত অভিলাষ।
সন্ধ্যার আরতি, বাজে ঢাকঢোল,
সময় সমাগত, আনন্দদিনের।