চক্রব্যুহ

ভালোবাসার নামে ছলনার মায়াজালে আবদ্ধ করে ,
দুর্যোধনের মতো তোমার স্বার্থপরতা—-
যখনি দৃষ্টিসীমার অভ্যন্তরে এসে দাঁড়ালো—
চেয়েছিলে সবদিক থেকে ধ্বংস করতে ।
অপারগতায় সুনিপুণ কৌশলে—
তৈরি করেছিলে চক্রব্যুহ ।
বুঝতে পারিনি আমি ।
যখন বুঝতে পারলাম—-
নিরুপায় আমি ভেবেছিলাম—,
অভিমুন্যর মতো এই চক্রব্যুহ ভেদ করবো—-
এবং জয় করে ফিরবো ।
কিন্তু এটা ভুলে গিয়েছিলাম—,
অভিমুন্য ছয়জন মহারথীর সাথে—
একক লড়ায়ে শ্রেষ্ঠ যোদ্ধার খ্যাতি পেলেও—-;
প্রাণ নিয়ে ফিরতে পারেনি ।
তিল তিল করে যন্ত্রণা দিতে দিতে—
তাঁকে শেষ করা হয়েছে ।
আমিও চক্রব্যুহের ঠিক মাঝখানে ,
রক্তাক্ত , ভীষণ ক্লান্ত—
তবুও চলছি——
অস্তমিত শেষ গোধূলির প্রতিক্ষায় ।