শরৎ শেষের অনন্ত আহ্লাদ

শরৎ শেষের অনন্ত আহ্লাদ
কবিতা ▸ মৌমিতা হোসেন

শরৎ শেষের অনন্ত আহ্লাদ

শরৎ শেষের অনন্ত আহ্লাদ

কোন এক শরৎ সন্ধ্যায়
সেই যে গেলে…
আর তো এলেনা।

অথচ,
কথা দিয়েছিলে এবার যখন আসবে,
আমার আঁচলে বেঁধে আনবে
এক পাহাড় সমান সময়,
এক আকাশ সমান প্রেম,
আর
এক সমুদ্র সমান মায়া।

কথা দিয়েছিলে,
এবার ভালোবাসাবাসি হবে
সীমাহীন,অনন্ত,আনলিমিটেড।

অভিমান,অভিযোগের
কোন মেঘই নাকি
জমতে দেবে না আমাদের আকাশে।

মৃদু হেসে…
সবটা মেনে
এবার শুধু একটা আবদার ছিলো আমার।
বলেছিলাম,
এবার একটু আহ্লাদি হবো।
যত দেরি করেই ফেরো না কেনো,
অপেক্ষায় যত ঋতুই
পেরিয়ে যাক না কেনো…
তবুও আহ্লাদি হবো।

বাড়ুক বয়স,
চুলে লাগুক নাহয়
রুপালি শরতের ছোঁয়া,
সময়ের ভাঁজ নেমে আসুক কপোল জুড়ে,
চামড়াও নাহয় যাক কুঁচকে…
তবুও আহ্লাদি হবো।
শিশিরভেজা কাশফুলের মতো
গাল ফুলিয়ে অভিমান করবো।

তুমি শুধু তোমার সময়টুকু দিও,
দিও আকাশভরা প্রেম,
সমুদ্রভরা মায়া,
আর দিও
সেই আনলিমিটেড ভালোবাসা।

আমার সামান্য আহ্লাদটুকু মেনে নিও
শরতের নরম রোদের মতো।
আদরে,মায়ায়,ভালোবাসায়
আগলে রেখো
ঐ হৃদয়ের গভীরে।

জানো তো,
পুরো জগতে
আহ্লাদ এর জন্য শুধু তুমিই আছো।

ঠিক যেমন
শরতের নীল আকাশে
এক টুকরো সাদা মেঘ
শুধু তার নিজের আকাশটাকেই খোঁজে।
তেমনি
আমার সমস্ত আহ্লাদও তোমাকেই খোঁজে। যেনো আমার সমস্ত আহ্লাদের
শেষ ঠিকানা তুমি।
শুধুই তুমি।