বৃষ্টির কাছে ছিল যে প্রেমের নিমন্ত্রণ

বৃষ্টির কাছে ছিল যে প্রেমের নিমন্ত্রণ
কবিতা ▸ রুদ্র রাহাত

বৃষ্টির কাছে ছিল যে প্রেমের নিমন্ত্রণ

বৃষ্টির কাছে ছিল যে প্রেমের নিমন্ত্রণ

তুমি শাড়ি পরে এসেছিলে বৃষ্টির মধ্যে
নাকি তুমি শাড়ি পরে এসেছিলে বলেই
এভাবে বৃষ্টি নেমে এলো আমি জানিনা
আমি জেনেছিলাম সামলে শাড়ির আঁচল
তুমি যেভাবে খুব বেকায়দায় হেঁটেছিলে
সেভাবে হাঁটতে কখনো তোমায় দেখিনা

বৃষ্টি নামার আগ পর্যন্তও তোমাকে খুব
কঠিন মনের এক মানুষ বোধ হচ্ছিলো
যে কোনোভাবেই নিজের মধ্যে নামা বৃষ্টি
আমাকে দেখতে দেবেনা যতই চেষ্টা করি
সেই বৃষ্টির একটুখানি আঁচ পেতে দেবেনা
আমি যতই করি কথোপকথনের অনাসৃষ্টি

বৃষ্টি নেমে এলেই যেন আকুল হলে জলে
তোমার আত্মার গহীনে রাখা সব মেঘেরা
সরসরিয়ে নেমে এলো দিক বেদিক ভুলে
আমি তখনো কথার পিঠে কথা হাতড়াচ্ছি
আমি তখনও সেই বৃষ্টি নামার অপেক্ষায়
তোমার দিকে রয়েছি চেয়ে উদ্ভ্রান্তের মতো
নিজেকে ভুলে বেমালুম দারুণ তড়পাচ্ছি
এরপর আমাদের দুজনের ভেতরে এলো
বৃষ্টি নাকি প্রেম সেটা বুঝতে পারলাম না
যা এলো তাতে প্রেমকেই বৃষ্টি মনে হলো
কিংবা বৃষ্টিকে অবিকল এক প্রেমের ঝর্ণা

এরপরও জীবনে অগুনতি বৃষ্টিরা এসেছে
তুমি না আসলেও এসেছে না না বৃষ্টিকন্যা
এসেছে সুখ-সখ নিয়ে রমণীয় ভুলেরা সব
শুধু তুমি এলেনা বলেই আর প্রেম এলোনা