বোহেমীয় রাত

বোহেমীয় রাত
কবিতা ▸ আহমেদ রাসেল

বোহেমীয় রাত

বোহেমীয় রাত

ডুবন্ত সূর্যের রক্তিম আভা
সময়ের কপোলে এক ফোঁটা অশ্রু—
একপশলা বৃষ্টি আর আমি।

দিগন্তের আল ছুঁয়ে হাঁটছি অনন্ত বসন্তের খোঁজে।
হেলে পড়া সূর্যের গায়ে চিমটি কেটে
একটি বিকেলের দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখলাম—
আয়ু হেঁটে যাচ্ছে অনন্তকালের দিকে।

অর্ধগলিত পৃথিবীর দেয়ালে আটকে আছে জিভ,
ঘোরলাগা জ্বরে কাঁপে বোহেমীয় রাত।
গোলাপের কটিজুড়ে লেপ্টে আছে
শিংওয়ালা শামুকের অজস্র চুমু।

দৃষ্টি ছুটে যায় অস্পষ্ট সীমানায়।
নিশাচরীর চিবুক চষে নীহার উলঙ্গ শরীর,
হেমন্তের ঠোঁট ছোঁয়—
ছিমছাম সুন্দরী জোনাক মিছিল।

জনশূন্য প্রান্তর, আলখাল্লা নদী,
ঘাসচুম শিশির, বয়সী বট,
টঙ দোকান, ধোঁয়া ওঠা পেয়ালা,
আর বিস্তীর্ণ আকাশ ছুঁয়ে
বেদুইন হৃদয় হয়ে ওঠে আদিগন্ত প্রেমিক।