প্রহর

কার্ণিশের রঙে তির্যক দাগের মতো
দাগ কেটে যায় হৃদয়ে,
তবুও আমি অপেক্ষায় থাকি
তোমার পায়ের নুপুরে ঝংকারের।
পরিযায়ী পাখিরা শীত শেষে
ফিরে যায় উষ্ণতার খোঁজে,
রাত শেষে আঁধার কেটে
বাড়ি ফিরে চাতকও!
রাত জাগা পীগমীরাও
ফিরে যায় উন্মন সঙ্গমে,
আর পালক পড়ে থাকে
আমার নিঃসঙ্গ বিছানায়!
তবুও আমি অপেক্ষায় থাকি
প্রতিটি নিজস্ব ভোরে
প্রিয় নিক্কনের তালে তালে
বাজবে মাদল, ডাকবে ডাহুক।
অসম্ভব মুহূর্তগুলো কি
আর আসবে না কখনো?
তবে কেন আসেনা দ্রুতযান,
আরও দ্রুত নিষ্পেষিত প্রত্যয়ে?
ডাকাতের হাতড়ানো সিন্দুকের
খোলা কপাটের মত-
উন্মুক্ত আমার হৃদয়,
তখনো কি পুড়বে লু হাওয়ায়?
তবুও আমি পোড়া, বিক্ষত
হৃদপিণ্ড নিয়ে অপেক্ষায় থাকবো,
————তুমি এসেছিলে তাই!
প্রতীক্ষায় থাকি,
তুমি আসবে বলে
—————-দক্ষিন জানালায়।।